কমলগঞ্জে অবৈধ ৪২ হাজার বাঁশ আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৪
কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জের অধীন কুরমা বনবিট এলাকার কুরমা মহাল থেকে চোরাইপথে পাচারের সময় ৪২ হাজার মৃত্তিঙ্গা ও রূপই প্রজাতির বাঁশ আটক করা হয়। সিলেট বিভাগীয় বন কর্মকর্তার অভিযানে গতকাল শনিবার কুরমা বনবিট সংলগ্ন কুরমাছড়া ও আদমপুরের ঘোড়ামারা নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব বাঁশ আটক করা হয়। রাজকান্দি বনরেঞ্জের অধীন কুরমা বাঁশ মহাল থেকে মৃত্তিঙ্গা ও রূপই প্রজাতির বাঁশ নদীপথে পাচারের গোপন সংবাদ পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন শনিবার কুরমা এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে দু’টি স্থান থেকে ৪২ হাজার বাঁশ আটক করেন। আটক বাঁশের বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া বলেন, বাঁশ পাচারের বিষয়ে শুক্রবার রাতে বিভাগীয় বন কর্মকর্তা তাকে ফোন করে ভোরে অভিযানে আসেন এবং দু’টি স্থান থেকে চোরাই বাঁশ আটক করে ছবি তুলে নেন।