ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সহায়ক যন্ত্র রফতানির চক্রান্তের জন্য যুক্তরাষ্ট্রে এক চীনা ও এক ইরানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে ইরানের দুই প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার প্রকাশিত দোষী সাব্যস্তকরণের বিবরণে একথা বলা হয়। চীনা নাগরিক সিহাই চেং (৩৪)কে গত ৭ ফেব্রুয়ারি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বাহিনী জানায়, চেংকে ইতোমধ্যে রাজধানীর একটি আদালতে হাজির করা হয়েছে এবং সে এখন আদালতে পরবর্তী হাজিরার অপেক্ষায় রয়েছে। মার্কিন কৌঁসুলিরা জানান, সাংহাইভিত্তিক চেং তেহরানের সাইয়েদ আবুলফজল শাবাহ জামিলি এবং ইরানের দু’টি কোম্পানি নিকারো ইঞ্জি. কো. ও এইভাজ টেকনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি ট্রান্সডিউসার তেহরানে রফতানির চক্রান্ত করেছে। মার্কিন কৌঁসুলিরা জানান, চেং ২০০৫ সালে জামিলি ও নিকারোর সঙ্গে ব্যবসা শুরু করেন এবং তখন থেকে পারমাণবিক প্রয়োগযোগ্যতা সম্পন্ন হাজার হাজার চীনা যন্ত্রাংশ বিক্রি করেন।
ওদিকে জামিলি ই-মেইলের মাধ্যমে চেংকে অবহিত করে যে যন্ত্রাংশের মূল ক্রেতা হলো এইভাজ, এই কোম্পানি যন্ত্রাংশগুলো ইরান সরকারকেই সরবরাহ করছে। চেং পরে মাঝে মাঝে সরাসরি এইভাজের কাছেই যন্ত্রাংশ পাঠায়। ২০০৯ সালের এপ্রিল ও ২০১১ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে চেং ১৮ লাখ মার্কিন ডলার দামের এক হাজারের বেশি এমকেএস প্রেসার ট্রান্সডিউসারের ক্রয়াদেশ পেশ করে।
