সংবাদ কণিকা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৯
চীনে ভূমিকম্পের আঘাত চীনের দক্ষিণ-পশ্চিমে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এতে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি জানার চেষ্টা করছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিচুয়ানের সীমান্তবর্তী ইউনান প্রদেশে শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে। ইয়ংশান কাউন্টির ক্সিলোদু শহর থেকে সাত কিলোমিটার দূরে এটি আঘাত হানে। —এএফপি ওরাল ক্যান্সার হওয়ার আরো কারণ মুখ গহবরের সঠিক যত্ন না নিলে এবং নিয়মিত দাঁত পরীক্ষা করানো না হলে তা ওরাল ক্যান্সারের (মুখের ক্যান্সার) কারণ হতে পারে বলে নতুন এক গবেষণায় দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি’র খবরে বলা হয়, ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিচার্স অন ক্যান্সার’ এর গবেষকরা দিনে তিনবারের বেশি মাউথওয়াশ ব্যবহারকেও ক্যান্সার ঝুঁকি বাড়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও নিম্নমানের অর্থ-সামাজিক অবস্থাকে মুখ ও চিবুকের ক্যান্সারের জন্য দায়ী করা হচ্ছে। ইউরোপের অন্তত নয়টি দেশের ১৯৬২ জনেরও বেশি ক্যান্সার রোগীর ওপর গবেষণা চালিয়ে নতুন এ সিদ্ধান্ত দাঁড় করান বিজ্ঞানীরা। — বিডিনিউজ ১৩ নিয়ে ভীতি ১৩ সংখ্যাটিকে নিয়ে মানুষের ভীতি আজ যুগ যুগ ধরে। এই ভীতির একটি গালভরা নামও দেয়া হয়েছে, ১৯১০ সালে: ট্রিসকাইডেকাফোবিয়া, অর্থাত্ তেরোর আতঙ্ক। কিন্তু কেন এই আতঙ্ক? যীশুখ্রিষ্টের শেষ নৈশভোজনে বিশ্বাসঘাতক জুডাস বসেছিল ১৩ নম্বর আসনে, বাইবেলে তাই বলে। সেখান থেকেই নাকি তেরোর আতঙ্কের সূচনা। প্রথমে ধরা হতো, কোনো টেবিলে তেরোজনকে বসানোটাই অমঙ্গলজনক। পরে তেরো যুক্ত সব কিছুই আতঙ্ক ও ভীতির উত্স হয়ে ওঠে। স্ক্যান্ডিনেভিয়ার ভাইকিং যোদ্ধাদের কিংবদন্তিতে অপদেবতা ‘লোকি’ হলেন ত্রয়োদশ দেবতা। ভাগ্য গণনার ‘ট্যারট’ তাসের পাতাতেও তেরো নম্বর তাসটি হল মৃত্যু। কোনো মাসের তেরো তারিখ শুক্রবারে পড়লে ইউরোপের মানুষদের ভীতি আবার অনেক বেড়ে যায়, কেননা যীশুখ্রিষ্টকে শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। — ডয়চেভেলে প্রতিবাদী শিল্পী আই ওয়েওয়ে চীনে ভিন্নমতাবলম্বীদের উপর সরকারি নিপীড়ন ও তার বিরুদ্ধে প্রতিরোধের বিশিষ্টতম প্রতিভূ সম্ভবত আই ওয়েওয়ে, বিশেষত করে জার্মানির মানুষদের কাছে। শিল্পীর অনুপস্থিতিতেই বার্লিনে চলেছে তার সর্বাধুনিক শিল্পকলার প্রদর্শনী। আই ওয়েওয়ে-র বৃহত্তম একক প্রদর্শনীতে তার নিজের উপস্থিত থাকা সম্ভব হয়নি, কেননা তার পাসপোর্ট এখনও চীন সরকারের হাতে। বার্লিনের মার্টিন-গ্রোপিয়ুস-বাউ মিউজিয়ামের ১৮টি কক্ষ জুড়ে ‘‘আই ওয়েওয়ে-সাক্ষ্যপ্রমাণ” নামধারী যে প্রদর্শনী চলেছে, তা শিল্পীর কনসেপচুয়াল আর্টের মাধ্যমে এক গভীরভাবে রাজনৈতিক অভিব্যক্তি। — ডয়চেভেলে