উপজেলায় এক ভণ্ড কবিরাজের নির্যাতনে হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসেন দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের পানকুণ্ডু গ্রামের প্রবাসী আ রশিদের ছেলে।
গত শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ভণ্ড কবিরাজ জসিম উদ্দিন পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনের অস্বাভাবিক আচরণকে লক্ষ্য করে গত শুক্রবার তার মা হুসনা বেগম পাশের গ্রামের কবিরাজ জসিমের কাছে যায়। কবিরাজ জসিম, হোসেনের উপর জ্বীনের আছর করেছে বলে তাকে ঝাড়-ফুঁক করতে হবে বলে জানায়। এরপর হোসেনকে কিছুক্ষণ ঝাড়ফুঁকের জন্য তার বুকের উপর লাফাতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে হোসেনের দেহ নিথর হয়ে পড়ে। এ সময় জসিম জানান, জ্বীন চলে গেছে, ওকে বাড়িতে নিয়ে যান। দু’ঘণ্টা পর সে সুস্থ হয়ে উঠবে বলে ছেলেটির মাকে জানায় সে। বাড়িতে ফিরে তারা বুঝতে পারে হোসেন বেঁচে নেই। রাতে বিষয়টিতে দোহার থানায় অভিযোগ করেন নিহতের মা হুসনা বেগম। ভণ্ড কবিরাজকে ধরতে গতকাল দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। কিন্তু কথিত সেই কবিরাজকে ধরতে পারেনি পুলিশ।
দোহার থানার উপ-পরিদর্শক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মা বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
