নায়ক রাজের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫১
গত বৃহস্পতিবার রাতে নায়ক রাজ রাজ্জাকের শ্বাসকষ্ট দেখা দিলে পরদিন শুক্রবার সকালে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার উঠা নামা চলতে থাকে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নায়ক রাজ গতকাল শনিবার স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তির শারীরিক সংকট প্রসঙ্গে তার ছেলে সম্রাট ইত্তেফাককে জানান, ‘বাবার অবস্থা এখন কিছুটা ভাল। তবে গতকাল সকালের দিকে তিনি আগের স্মৃতি প্রায় ভুলে গিয়েছিলেন। তবে এখন কিছুটা উন্নতি ঘটেছে তার।’ নায়ক রাজ গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। সর্বশেষ থাইল্যান্ডে চিকিত্সা নেয়ার পর দেশে এলে দ্বিতীয় দফায় তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিত্সক জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। নায়ক রাজের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে তার বড় ছেলে বাপ্পারাজ জানান, এখন ডাক্তার বলেছেন, ‘তার হার্ট ভাল আছে। তবে ধূমপানের কারণে শ্বাসকষ্ট বাড়ছে। সকালের চেয়ে এখনকার শারীরিক অবস্থায় অনেক উন্নতি হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। কিছুদিন আগেও তার নতুন ছবি ‘কার্তুজ’ নিয়ে নানা কথা বলছিলেন। আসলে তিনি কখনও বিশ্রাম নিতে চাইতেন না। সব সময় কোন না কোন কিছু নিয়েই তার ভাবনা চলতেই থাকতো।’