ঢাবির ৪৮তম সমাবর্তন আগামীকাল

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আট হাজার ৩১২ জন শিক্ষার্থী-গবেষক অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক ড. রোলফ হুয়ের। শনিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দে র খেলার মাঠে সকাল ১০টায় সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হবে। নয়টার আগেই সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু গ্রাজুয়েট ও অন্যদের সমাবর্তনস্থলে উপস্থিত হতে হবে। আজ বিকাল তিনটায় কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠানের রিহার্সেল অনুষ্ঠিত হবে। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ বাড়ছে। এ ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে ছাত্রীদের সংখ্যাও বেশি। মোট আট হাজার ৩১২ জন শিক্ষার্থী-গবেষকের মধ্যে চার হাজার ২৯৭ জন শিক্ষার্থীই নারী। পুরুষ শিক্ষার্থী-গবেষকের সংখ্যা চার হাজার ১৫ জন। তিনি জানান, অধ্যাপক ড. রোলফ হুয়েরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্সেস ডিগ্রি প্রদান করা হবে।