কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দুইনেত্রী সম্পর্কে বলেছেন, একজন যখন যা পারেন, তাই দিয়ে যাচ্ছেন। তিনি সব সময়ই অসহায় গরীব-দুখী মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। দেশ পরিচালনা করছেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকজন দেশ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন। তাকে আপনারা চিনেন। তার দুই ছেলে তারেক রহমান ও কোকোও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, তারেক রহমান জিয়ার মৃত্যুর পর পিতার মুখ দেখেনি। পিতার মৃত্যুর স্থলেও কখনো যায়নি। কেন? এসব ভালো-মন্দের বিচারের ভার আপনাদের হাতে দিলাম।
মন্ত্রী শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে এতিমদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্টের চেক, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃষকদের মাঝে আউশের প্রণোদনা চেক ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক, গোপাল সরকার প্রমুখ। মন্ত্রী এলাকায় আউশ আবাদের সম্প্রসারণ লক্ষ্যে কৃষি প্রণোদনা প্যাকেজের আওতায় ৮টি ইউনিয়নের ৭৯০ জন প্রান্তিক কৃষককের মাঝে ১০ লাখ ৩৫ হাজার ১৭৫ টাকা মূল্যের সার-বীজ বিতরণ করেন।
