হেফাজতে ইসলাম কারো এজেন্ডা বাস্তবায়নে আন্দোলন করে না

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৪
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজতের আন্দোলন ১৩ দফা বাস্তবায়নের আন্দোলন। আর ১৩ দফা কোন রাজনৈতিক দলের স্বার্থে নয়, ইসলাম দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার স্বার্থে হেফাজতের এই ১৩ দফা কর্মসূচি। তিনি বলেন, হেফাজতে ইসলাম কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আন্দোলন করে না। বিশ্ব নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য হেফাজতে ইসলামের আন্দোলন চলছে এবং চলবে। তিনি বলেন, নাস্তিক-মুরতাদ ব্লগারদের এ দেশ থেকে বিতাড়িত করতে হবে। গত শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার স্থানীয় দরবস্ত শাহী ঈদগাহ ময়দানে সিরাত কমিটি জৈন্তাপুর উপজেলা শাখা আয়োজিত সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন। জৈন্তার আলেম, দারুল হাদীস খরিলহাট মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সিরাতুন্নবী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক শায়খুল হাদীস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, সিলেট জেলা হেফাজতের সভাপতি মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মহানগর হেফাজতের সভাপতি মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, দরগাহ মাদ্রাসার মুহতামীম মুফতী আবুল কালাম জাকারিয়া, রেঙ্গা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা শিহাব উদ্দিন এবং গহরপুর মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আবদুস সাত্তার।