হিরনের শয্যাপাশে প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শওকত হোসেন হিরনকে দেখতে গতকাল শনিবার বিকালে এ্যাপোলো হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিত্সকদের কাছে হিরনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী এ সময় বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিরনের স্ত্রী, পুত্র ও কন্যার সঙ্গে কথা বলেন। তিনি তার আশু আরোগ্য কামনা করেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হিরন গত ২২ মার্চ বরিশাল ক্লাবে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হন। তখন থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিত্সার জন্য গত ২৪ মার্চ এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। তাকে আবার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের বরিশাল অফিস জানায়, গতকাল শনিবার তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিত্সকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন।