সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৫
জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের সাড়ে ১০ ঘন্টা পর গতকাল শনিবার তা স্থগিত করা হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কর্পোরেশন ভবনে বৈঠকের পর আগামী ১০ দিনের জন্য তা স্থগিত করা হয়। আহত শ্রমিকের সুষ্ঠু চিকিত্সা, ৪৮ ঘন্টার মধ্যে পিকআপ চালক সায়েম আহমদের হত্যাকারীকে গ্রেফতার ও সালুটিকর থেকে বাঁশকল প্রত্যাহারের আশ্বাস দিলে নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিত করেন। বৈঠকে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক, সাধারণ সমপাদক জাকারিয়া, পুলিশের এডিসি জেদান আল মুসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার রাতে সিলেটের ধোপাগুল পয়েন্টে দুর্বৃত্তরা পিকআপ চালক সায়েম আহমদকে কুপিয়ে হত্যা করে। সায়েমের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে সিলেট-ঢাকা সড়কের দক্ষিণ সুরমা তেলিবাজারে গত শুক্রবার শ্রমিকরা সড়ক অবরোধ করে। দুপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত এক শ্রমিককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই এই পুলিশী হামলা ও শ্রমিক হত্যাকারী গ্রেফতারের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছিল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। কর্তৃপক্ষ তাদের দাবি-ধাওয়া মেনে নেয়ায় গতকাল সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়।