নাটোরের বড়াইগ্রামের রাজাকারের মোড়ে শুক্রবার রাতে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার প্রাইভেট কারে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে এমপি বাদশাকে বহনকারী কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের ধারণা, এটি নিছক দুর্ঘটনা নয়। রাতের আঁধারে ফাঁকা সড়কে এমপি বাদশাকে হত্যা করতে ব্যর্থ চালক ও হেলপার ঘটনাস্থলে ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাটি পরিকল্পিত। এদিকে শনিবার পর্যন্ত ট্রাকের মালিক থানায় খোঁজ না নেয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়ছে। ইতিমধ্যে পুলিশ ট্রাক মালিকের পরিচয় শনাক্ত করতে চালক ও হেলপারকে আটকে অভিযান শুরু করেছে।
এমপি বাদশা জানান, প্রাইভেট কার যদি শক্তিশালী না হতো আর কারের চালক যদি দক্ষ না হতো তবে তিনিসহ কারোরই বাঁচার কথা নয়।
জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন। নাটোর বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জানান, সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। হাইওয়ে (বনপাড়া) থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য এমপি ফজলে হোসেন বাদশা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের রাজাকার মোড়ে ঐ ঘটনা ঘটে। আলু বোঝাই ঐ ট্রাকের ধাক্কায় তার গাড়ির পেছনের অংশ ধুমড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
