সিডিএ চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৭
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম, টেন্ডার জালিয়াতি, অযোগ্য ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান এবং সিডিএ’র কর্মচারিকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত ও অন্যত্র বদলি করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। অবিলম্বে আবদুচ ছালামকে সিডিএ চেয়ারম্যানের পদ থেকে অপসারণ এবং ছাটাই ও বদলির আদেশ প্রত্যাহার করা না হলে চট্টগ্রামে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিরণ হোসেন মিলন। এছাড়া আমিন জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়ন, ওয়াসা কর্মচারি ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক লীগ, জনতা ব্যাংক কর্মচারি ইউনিয়ন, বিদ্যুত্ শ্রমিক লীগ, লবণ শ্রমিক লীগ, দর্জি শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।