লোকসভা নির্বাচনে শুধু রাজনৈতিক ইশতেহার দেখে ভোট না দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল শনিবার ওডিশায় এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলো কেবল ইশতেহারে ‘লম্বা’ প্রতিশ্রুতি দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সোনিয়া বলেন, ক্ষমতায় অনভিজ্ঞ রাজনৈতিক দলগুলো না বুঝেই কেবল ইশতেহার দিচ্ছে যা বাস্তবায়ন করা তাদের পক্ষে কখনো সম্ভব হবে না। এ ব্যাপারে ভোটারদের সতর্ক থাকতে পরামর্শ দিয়ে সোনিয়া গান্ধী বলেন, কল্পনায় রাজপ্রাসাদ বানিয়ে ফেলা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু যখন আসল কাজে নামা হয় তখনই বোঝা যায় কল্পনার সাথে বাস্তবতার কত তফাত্। খবর ইকনোমিক টাইমসের।
কংগ্রেস সভানেত্রী আরো বলেন, আগামীতে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে। অনেকে এমন দল ও ব্যক্তির হাতে ক্ষমতা দেখতে চাইছেন যারা কেবল অবাস্তব কথা ও প্রতিশ্রুতি ফেরি করে বেড়াচ্ছেন। তাদের কথা শুনে যদি জনগণ বিভ্রান্ত হন, তবে দেশেরই ক্ষতি হবে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, কংগ্রেসই একমাত্র দরিদ্রবান্ধব পার্টি। সব দল ও মতের পার্টি। সুতরাং বুঝে শুনে ভোট দিতে সবাইকে আহ্বান জানান তিনি।
