রাবিতে শিবির সভাপতি গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবে ছাত্রলীগ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা রুস্তম আলী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিককালে ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা শুক্রবার ছাত্রলীগ নেতা রুস্তম আলীকে গুলি করে হত্যা করেছে। এসকল ঘটনার হুকুমদাতা প্রায় ৪৬টি মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতার না করা পর্যন্ত ছাত্রলীগের এই ধর্মঘট চলবে। তিনি আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিলেও আমরা কর্মসূচি পালন থেকে বিরত থাকব না। রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরির পাদদেশে মানববন্ধন কর্মসূচি ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হবে।