কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের আবাসিক ভবন থেকে মো. হাসিবুল হক হাসান নামে এক ডাক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার কোতয়ালি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ডা. হাসিব হাসপাতালের বহি:বিভাগে মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। গতকাল শনিবার বিকালে হাসপাতালের পরিচালক বাদী হয়ে এব্যাপারে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, পাবনা জেলার সদর হাসপাতাল সড়কের শালঘড়িয়া গ্রামের মো. আব্দুল হামিদের পুত্র ডা. মো. হাসিবুল হক হাসান (৩৬) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে ‘মেঘনা’ নামক ৪র্থ তলা আবাসিক ভবনের নীচতলায় বসবাস করতেন। গত বুধবার বিকালে তিনি কর্মস্থল থেকে বাসায় যান। হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল জানান, ‘আবাসিক ওই ভবনে আরো ৩ জন ডাক্তার থাকেন। শনিবার সকালে হাসপাতালের আবাসিক ভবনে ফিরে তারা দুর্গন্ধ পান। পুলিশ এসে ডা. হাসিবের মৃতদেহ উদ্ধার করে। তবে একাধিক সূত্র জানায়, ডা. হাসিবের এ মৃত্যু রহস্যজনক। ডা. হাসিব বৃহস্পতিবার তার কর্মস্থলেও যাননি কিংবা তিনি কোথায় ছিলেন তাও কারো জানা নেই। গতকাল শনিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকালে ডা. হাসিবের লাশ তার পিতা আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়।
