হ লি উ ড

টাইটানিকের গণ্ডি ছাড়িয়ে...

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ১৯:৪৪
জেমস ক্যামেরনের কালজয়ী সৃষ্টি টাইটানিক মুক্তি পাওয়ার পর অবস্থাটা এমন দাঁড়াল যে, পর্দা নাম রোজের আড়ালে হারিয়েই যেতে বসলো সিনেমার নায়িকার চরিত্রে রূপদান করা কেট উইন্সলেটের নামটি। তবে উইন্সলেট যে কেবল একটি সিনেমার পর হারিয়ে যেতে আসেননি সেটা প্রমাণ হতে সময় লাগলো অল্পই। আর রিডার, দ্য হলিডে, কন্টাজিয়নের মতো বিচিত্র সব ছবির মাধ্যমে টাইটানিকের সেই রোমান্টিক ধারা থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করেছেন প্রায় সব ধরনের চরিত্রেই। উইন্সলেটের জন্ম যুক্তরাজ্যের বার্কশায়ারের রিডিং-এ। তাঁর মা স্যালি অ্যান এবং বাবা রজার জন উইন্সলেট। জীবিকার তাগিদের বাইরে মনের খোরাক মেটাতে থিয়েটারে ছোটখাট চরিত্রে অভিনয়ের অভ্যাস ছিল দু’জনেরই। পরিবারে অর্থের স্বাচ্ছন্দ্য না থাকলেও অভিনয়ের প্রতি ভালোবাসাটা পরিবার থেকেই অর্জন করেন উইন্সলেট। ১৯৯২ সালে লন্ডনে উইন্সলেট পিটার জ্যাকসন-এর হ্যাভেনলি ক্রিয়েচারস চলচ্চিত্রে নির্বাচিত হবার জন্য ডাক পান। তিনি অডিশন দিয়েছিলেন জুলিয়েট হালমে চরিত্রটির জন্য। চরিত্রটি ছিলো একটি প্রাণচঞ্চল ও কল্পনাপ্রবণ কিশোরীর। যে তার সবচেয়ে প্রিয় বন্ধু পলিন পারকার-এর মাকে হত্যা করতে সহায়তা করেছিলো। চলচ্চিত্রটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এবং জ্যাকসন ও তাঁর সহকর্মী ফ্যান ওয়ালশ শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পান। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য উইন্সলেট একটি সনি এরিকসন এমপাওয়ার পুরস্কার এবং একটি লন্ডন সমালোচক গোষ্ঠীর চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। দ্য ওয়াশিংটন পোস্ট-এর লেখক ডেসন থম্পসন মন্তব্য করেন, ‘জুলিয়েট হিসেবে, উইন্সলেট একটি উজ্জল আগুনের গোলা, তাঁর করা প্রতিটি দৃশ্যে সে আলো ছড়িয়েছে।’ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উইন্সলেটকে। টাইটানিক ছবির অভাবনীয় সাফল্যের পর আইরিস, ওয়ার গেম ছবির সাফল্যে কেবল সামনের দিকেই এগোতে থাকেন এই ব্রিটিশ। মাঝে কিছুদিন হলিউড সিনেমা থেকে সাময়িক বিরতি নিলেও এখন আবার পুরোদমেই সেখানে কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ডারভারজেন্ট সিনেমাটি।