প্রভাবশালী নারীর তালিকায় জিন্নি রমেট্রি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
‘ফরচুন’ ম্যাগাজিনের বিচারে ব্যবসা-বাণিজ্যের জগতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ জন নারীর তালিকায় টানা দ্বিতীয়বারের মত শীর্ষ স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জিন্নি রমেট্রি। প্রতিষ্ঠান পরিচালনার অসাধারণ দক্ষতার কারণেই তিনি এই গৌরব অর্জন করেন। উত্তরাধিকার সূত্রে নয়, প্রতিষ্ঠান চালানোর দক্ষতা দিয়েই তিনি আজ এই অবস্থানে এসেছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইন্দ্রা নূয়ি? তিনি মার্কিন ভিত্তিক বহুজাতিক কোম্পানি পেপসিকোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। তৃতীয় স্থানে রয়েছেন প্রান্তিক পর্যায়ে ভোগ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘ডিউ-পয়েন্ট’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এলেন কুলম্যান। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেয়া জিন্নি রমেট্রির পুরো নাম ভার্জিনিয়া জিন্নি এম রমেট্রি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সালে কম্পিউটার বিজ্ঞান এবং তড়িত্ প্রকৌশলে গ্রাজুয়েশন করেন। সে বছরেই তিনি ‘জেনারেল মোটর ইনস্টিটিউটে’ যোগ দেন। সেখানখার চাকরি ছেড়ে ১৯৮১ সালে রমেট্রি আইবিএমে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। এরপর থেকেই ঐ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কাজ করার পর ২০১১ সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে রমেট্রির নাম ঘোষণা করা হয়। ২০১২ সালের ১ জানুয়ারি থেকে তিনি আইবিএমের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। এর আগে তিনি আইবিএমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিক্রয় বিভাগের নির্বাহী হিসেবে কাজ করেছেন। ৫৬ বছর বয়সী রমেট্রি ১০৩ বছরের পুরাতন এই প্রতিষ্ঠানের প্রথম নারী প্রধান নির্বাহী।