আগামী বাজেটে দেশের কৃষির চাহিদা অনুযায়ী নিজস্ব বীজ উত্পাদন ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ’কৃষি ও কৃষক বান্ধব বাজেট: বীজ ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি খাত’ শীর্ষক এই সেমিনারের দাবি জানানো হয়। পাশাপাশি বীজ ব্যবস্থাপনায় সরকারি খাতের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে বিএডিসির সক্ষমতাও বাড়াতে তাগিদ দেয়া হয়। কোস্ট ট্রাস্টের মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অক্সফাম এশিয়ার জিয়াউল হক মুক্তা, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক (বীজ উইং) আনোয়ার ফারুক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের মো. মজিবুল হক মনির। তিনি উল্লেখ করেন, দেশের কৃষিতে অসামান্য অবদান রাখা বিএডিসিকে বীজ উত্পাদন ও সরবরাহে অধিকতর সক্ষম করে তোলা গেলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। জিয়াউল হক মুক্তা বলেন, এমন কোনও কৃষি পণ্যের আমদানি উত্সাহিত করা উচিত নয় যেগুলো আমাদের কৃষির ক্ষতি করে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, বর্তমানে কৃষির প্রধান সমস্যা হলো কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। আমি মনে করি কৃষি পণ্যে ভ্যালু চেইন উন্নয়ন করতে হবে এবং অতিরিক্ত উত্পাদনের ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
আলোচনায় অংশ নিয়ে উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বলেন, বীজের অধিকার আমাদের কৃষকের কাছে থাকতে হবে। উত্পাদন করতে গিয়ে বা উত্পাদন না করতে গিয়ে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সরকার কিভাবে সহায়তা করবে তার একটি উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ টেলিভিশনের দেওয়ান সিরাজ বলেন, বাজেট প্রক্রিয়ায় কৃষককে আরও সম্পৃক্ত করা প্রয়োজন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী বলেন, আমাদের মূল লক্ষ্য হতে হবে কৃষকের ক্ষমতায়ন। কৃষক ক্ষমতায়িত হলে ভর্তুকি বা বিদেশি কোম্পানির আগ্রাসন কোনও বিষয় হবে না। বিএনপি’র নেতা শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে শুধু কৃষি খাত না, সকল খাতেই উন্নতি সম্ভব। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, কৃষিতে যে ভর্তুকি দেয়া হয় সেটা আসলে এক ধরনের বিনিয়োগ। এখানে অর্থ ব্যয় করলে তা কৃষি উত্পাদনের মাধ্যমে কয়েকগুণ হয়ে ফেরত আসবে। তিনি আরো বলেন, বীজ নিয়ে গবেষণার ক্ষেত্রে আমাদের পরিবেশ ও বাস্তবতার দিকে খেয়াল রাখতে হবে।
