সমালোচনা থেকে বাঁচতে চান সোনাক্ষি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৬
হঠাত্ করেই সবাইকে যেন তাক লাগয়ে দিলেন ‘দাবাঙ’খ্যাত বলিউড নায়িকা সোনাক্ষি সিনহা। তার স্থূল স্বাস্থ্যের জন্য দীর্ঘদিন ধরেই আশপাশের মানুষের সমালোচনা সইতে হচ্ছিল তাকে। বিজ্ঞাপনসহ বহু কাজও হাতছাড়া হয়ে যায় এ কারণে। তবে এই স্থূল স্বাস্থ্যেই দর্শকরা তাকে দেখতে বেশি পছন্দ করেছেন। তারই প্রমাণ এই অবস্থাতেও অল্প কয়েকটি ছবি উপহার দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়েছেন তিনি। তারপরও মনের মধ্যে বোধহয় খানিকটা শঙ্কা রয়েই গিয়েছিল। তাই তিনি কঠোর পরিশ্রম করে নিজের স্বাস্থ্যকে কমিয়ে এখন স্লিম ফিগারে পরিণত হয়েছেন। স্বাস্থ্যের এই পরিবর্তন ও দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন দেখে ভারতের ‘ওমেন্স হেলথ’ ম্যাগাজিন তাকে প্রচ্ছদ মডেল হিসেবে বাছাই করে। সম্প্রতি এই ম্যাগাজিনের প্রচ্ছদের মোড়ক উন্মোচনে সোনাক্ষিকে দেখে রীতিমতো অবাকই হয়ে গিয়েছিলেন তার বন্ধুরা। সোনাক্ষি বলেন, ‘আমি শুধু সমালোচনা রোধ করতেই স্লিম হইনি। আমি চলচ্চিত্রে আসার আগে আরও দ্বিগুণ মোটা ছিলাম। তখন আমাকে কেউই চিনত না। আশপাশের মানুষ আঙুল তুলতে বলত ‘ওই দেখ কত মোটা মেয়ে’, এসব আমার কাছে খুব খারাপ লাগত। তাই আমি নিজেকে স্লিম ফিগারে নিয়ে আসব এটা আমার প্রতিজ্ঞা ছিল, বহু কষ্ট হলেও আজ আমি পেরেছি।’