চলছে ‘তিন গোয়েন্দা’র অডিশন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৭
রকিব হাসানের জনপ্রিয় গোয়েন্দা রহস্যগল্প ‘তিন গোয়েন্দা’ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করছে মাছরাঙা টেলিভিশন। নাটকে তিন গোয়েন্দার মূল তিন চরিত্র কিশোর, মুসা ও রবিনের ভূমিকায় অভিনয়ের জন্য তিনজন নতুন মুখ খোঁজা হচ্ছে। নিজেদের স্বপ্নের এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য এরইমধ্যে বিপুল সংখ্যক তরুণ ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন। তিন হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে ৫০০ জনকে অডিশনের জন্য মনোনীত করা হয়েছে। ১০, ১১ ও ১২ এপ্রিল শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অডিশন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অডিশন চলবে। এতে বিচারক হিসেবে থাকবেন ঝুনা চৌধুরী, অশোক বেপারী, শান্তা ইসলাম, নাজনীন হাসান চুমকী, ম আ সালামসহ আরও অনেক নাট্যজন। ৫০০ জনের মধ্য থেকে ৫০ জনকে বাছাই করবেন তারা। সেই ৫০ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের অডিশন। এ পর্যায়ে ১০ জনকে বাছাই করা হবে গ্রুমিংয়ের জন্য। গ্রুমিং শেষে চূড়ান্ত অডিশনে তিন জনকে নির্বাচিত করা হবে। উল্লেখ্য, হরলিক্স নিবেদিত ধারাবাহিক তিন গোয়েন্দার কাহিনী বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক পিন্টু। পরিচালনা করছেন আবুল হোসেন খোকন।