সালথায় একজন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫১
ফরিদপুরের সালথায় বলভদ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষিকা দিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এ স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২ শতাধিক শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করছে। গত ১ বছর ধরে স্কুলটিকে সরকারিকরণ করা হলেও অদ্যাবধি নিয়ম অনুযায়ী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেখানে ৪ জন শিক্ষক-শিক্ষিকা প্রয়োজন সেখানে মাত্র একজন শিক্ষিকা দিয়ে পাঠদান চলার ফলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। নিয়মিত শিক্ষাদান থেকে পিছিয়ে পড়ছে আগ্রহী শিক্ষার্থীরা। সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, বিউটি পারভিন নামে একজন সহকারী শিক্ষিকা শিক্ষার্থীদের পড়াচ্ছেন। বিউটি পারভিন জানান, প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম ৫ মাসের মাতৃত্বকালিন ছুটিতে রয়েছেন। এ জন্য ২ মাস ধরে আমি একা ক্লাস নিচ্ছি। প্রধান শিক্ষকা তাসলিমা বেগম জানান, বার বার শিক্ষক সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন ফল হয়নি। হাসিনা বেগম নামে এক অভিভাবক বলেন, মাত্র দুইজন শিক্ষিকা এর মধ্যে একজন ছুটিতে। একজন শিক্ষকা দিয়ে ২ শত শিক্ষার্থীকে পড়ান অসম্ভব। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশারফ হোসেন বলেন, আগে কমিউনিটি স্কুল ছিল। কিছুদিন হল সরকারিকরণ হয়েছে। এখন সরকার শিক্ষক নিয়োগ দেবে আমাদের কিছু করার নেই।