দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে পৃথক ঘটনায় ১৪ জন মৃত্যু হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজবাড়ীতে দু’জনের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুবদী গ্রামে পিঁয়াজের মাচার চাপায় আহত জাহানারা বেগম (৬৫) নামে এক কৃষাণী গতকাল রবিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। জানা গেছে, উপজেলার সাবু শেখের বাড়ির মাচায় পিঁয়াজ তোলার সময় গত শনিবার রাতে সমশের শেখ (৪৮) ও তার বোন মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) আহত হন। আহত সমশের শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মোহনশার বটতলা গ্রামে গত শনিবার পানিতে ডুবে মিজান শেখ (৭) নামে এক শিশু মারা গেছে। সে মোতালেব শেখের ছেলে।
হালুয়াঘাটে লাশ উদ্ধার
ময়মনসিংহের হালুয়াঘাটে গত শনিবার অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুজানগরে ছাত্রের মৃত্যু
পাবনার সুজানগরের সৈয়দপুর গ্রামে গতকাল রবিবার সকালে পানিতে ডুবে নয়ন (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে আশরাফ আলীর ছেলে এবং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিতাইগঞ্জে দুই খুন
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ খালঘাট এলাকার একটি ময়দা উত্পাদন কারখানা থেকে গতকাল রবিবার সকালে দু’জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন: কারখানার নৈশপ্রহরী আবদুল আজিজ (৫৫) ও হোসেন মিয়া (৪০)। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা তালাবদ্ধ দেখে মালিক ও পরে পুলিশকে খবর দেয়। পুলিশ প্রথমে নিচতলার অফিসকক্ষ থেকে নৈশপ্রহরী আবদুল আজিজের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ দ্বিতীয়তলার সিঁড়ি কোঠায় শ্রমিক হোসেন মিয়ার লাশ দেখতে পায়।
বাঞ্ছারামপুরে লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সফিরকান্দি গ্রামের বিল থেকে গত শনিবার রাতে মো. মরম আলীর ছেলে শাহপরান (২২) নামে পেট ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গত শুক্রবার দিনে কে বা কারা মোবাইলে ফোন করলে সে বাড়ি থেকে যাওয়ার পর আর ফিরে আসেনি।
ফুলবাড়িতে কুকুরের কামড়ে মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ি পৌর শহরের উত্তর কৃষ্ণপুর গ্রামে কুকুরের কামড়ে গত শনিবার রাতে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রামবাসীর অভিযোগ- পৌর মেয়রের সুপারিশ নিয়ে দিনাজপুর সিভিল সার্জন অফিসে গিয়েও জলাতঙ্ক রোগ প্রতিষেধক ভ্যাকসিন পাওয়া যায়নি। নিহতের পিতা সাবার মন্ডল বলেন, গত দু’মাস আগে নজরুলকে কুকুর কামড় দেয়। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. নুরুল হুদা বলেন, জেনারেল হাসপাতালে যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হয়, তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। এ কারণে চাহিদানুযায়ী সকলকে ভ্যাকসিন সরবরাহ করা যায় না।
শাহজাদপুরে শিক্ষক খুন
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ডিগ্রীর চর গ্রামে গত শনিবার সকালে কর্মস্থল গয়হাট্টা চন্দনগাতী আলিম মাদ্রাসায় যাওয়ার পথে হাজী মওলানা নজরুল ইসলাম (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে খুন করেছে কুদ্দুস নামে এক দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকাবাসী কুদ্দুসের মেজো ভাইকে পুলিশের হাতে সোপর্দ করে।
বিদ্যুত্স্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু
এদিকে রায়গঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে গত শনিবার আব্দুল জলিল (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। শ্যালো সেচ প্রকল্পে বিদ্যুত্ লাইনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
আটোয়ারীতে লাশ উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে গত শনিবার সকালে গম ক্ষেত থেকে বিনয় চন্দ্র (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ময়মনসিংহে ছাত্রীর আত্মহত্যা
ময়মনসিংহ শহরের কালিবাড়ি রোড এলাকায় গত শনিবার ঋতু বিশ্বাস নামে এক ছাত্রী আত্মহত্যা করে। সে স্থানীয় কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে চিরকূটে লিখে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বানারীপাড়ায় গৃহবধূর আত্মহত্যা
বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামে গত শনিবার দুপুরে জ্যোত্স্না বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন।
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁ গ্রামের একটি পুকুর থেকে গতকাল রবিবার সকালে মহিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মহিদুল স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। হরিপুর থানার ওসি মুজিবর রহমান জানান, লাশের মুখে ও চোখে ক্ষত ও রক্তের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
