বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
উখিয়ায় দুইজন নিহত
কক্সবাজারের উখিয়ায় গত শনিবার সকালে ট্রাকের ধাক্কায় আলী আহমদ (৩৫) ও পরিমল (৪৫) নামে দুই রিকশা আরোহী মারা গেছেন। উখিয়া থানার ওসি জাহেদুল কবির জানান, একটি মিনি ট্রাক দু’টি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশা থেকে ছিটকে পড়ে আলী আহমদ ও পরিমল ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
মিঠাপুকুরে শ্রমিক নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর-কদমতলা সড়কের জোড়গাছ এলাকায় গত শনিবার ইট বোঝাই ট্রাকের উপর থেকে পড়ে জহুরুল (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। মৃত জহুরুল উপজেলার শঠিবাড়ী বড় মির্জাপুর গ্রামের আনারুলের ছেলে।
মাধবপুরে যুবকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে গত শনিবার ভোরে অজ্ঞাত পরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।
সিংড়ায় নিহত ১ আহত ৩০
নাটোরের সিংড়ায় গতকাল রবিবার দুপুরে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল বুরুস (১৭) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর পাঁচজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া গাবতলী থানার কলারবাড়ী গ্রাম থেকে পিকনিকের উদ্দেশ্যে রাজশাহী যাওয়ায় পথে চৌগ্রাম বাজার সংলগ্ন এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নাটোর ফায়ার সার্ভিস ও সিংড়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। নিহত আল বুরুস কলারবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে ও বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ে।
মেহেরপুরে ১১ শ্রমিক আহত
মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামে গত শনিবার স্যালো ইঞ্জিন চালিত আলগামনের উল্টে পড়ে ১১ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন- মন্টু, মকছেদ আলী, আক্কাছ আলী, খোকন হোসেন, নজির হোসেন, খাইরুল ইসলাম, হাবিবুর রহমান, বানারুল ইসলাম, সেন্টু, হায়দার আলী ও আলেক চাঁদ (২৫)। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরীপুরে আহত ১৮
ময়মনসিংহের গৌরীপুরে গতকাল রবিবার সকালে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে ২টি নছিমন সংঘর্ষে ১২ এইচএসসি পরীক্ষার্থীসহ ১৮ জন আহত হয়। গুরুতর আহত ৯ পরীক্ষার্থীসহ ১১ জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- হবিবুল্লাহ, রাজিব, পারভিন সুলতানা খোকা, জসিম, খোকন, তোফাজ্জাল, আমিরুল, মোনায়েম।
