নওগাঁ নিয়ামতপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্তব্যে অবহেলায় উপজেলার প্রায় ৫শ’ শিক্ষক বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছে। অনেক শিক্ষক মাসের প্রথম সপ্তাহে বেতন তুলতে না পেয়ে অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। জানা গেছে, গত ১৯ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার অন্যত্র বদলি হয়ে গেলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমানকে দায়িত্ব দিয়ে যান। কিন্তু রহস্যজনকভাবে আর্থিক বিষয়ে দায়িত্ব না দিয়ে যাওয়ায় সৃষ্টি হয় এ জটিলতা। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, শিক্ষা অফিসের কর্তব্যে অবহেলায় উপজেলার প্রায় ৫শ’ শিক্ষক বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা যোগদান না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (নিয়ামতপুর অতিরিক্ত দায়িত্ব) শাহানা আকতার জানান, বিষয়টি তার জানা নাই। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিষয়টি জানা আছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
