কয়েক স্থানে অগ্নিকাণ্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫৪
দেশের কয়েক স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। বান্দরবান বান্দরবানে আগুনে ২২টি বসতবাড়ি পড়ে গেছে। গতকাল রবিবার দুপুরে জেলা সদরের ওয়ার্ল্ডভিশন এলাকায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ২২টি কাঁচা ও সেমিপাকা ঘরবাড়ি। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্ত পরিবাররা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ, জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা। সেনবাগ (নোয়াখালী) নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুয়েত প্রবাসী আওছান উল্লাহর বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের অ্যাডভোকেট রহমতউল্ল¬াহর বাড়িতে। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। মির্জাপুর (টাঙ্গাইল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাহজারে সিকদার নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ আগুন লাগে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগুনে পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে বলে জানান । আদমদীঘি (বগুড়া) আদমদীঘির সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকার আবুল কালাম আজাদের বসতবাড়িতে বৃহস্পতিবার রাতে আগুন লাগলে বাড়ির টিনের ছাউনি, কাপড়-চোপড়সহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।