বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে যাত্রী দুর্ভোগ চরমে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫৪
সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাশ সড়কের বেশির ভাগ জায়গায় গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। বিশ্বনাথ-জগন্নাথপুর উপজেলাবাসীর জনগুরুত্বপূর্ণ এ বাইপাস রাস্তা নিয়ে মহা-সমস্যায় থাকার পরও কর্তৃপক্ষ দিনের পর দিন নিরব। তবে এত খারাপ রাস্তা হওয়ার পরও থেমে নেই বাস, অটোরিকশা, টেম্পু, রিকশা, লাইটেস, কার, জীপসহ সকল গাড়ির চালকদের জীবনের চাকা। তারা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিতে বের হচ্ছেন গাড়ি নিয়ে। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে গাড়ি রাস্তা দিয়ে চলাচলের ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়িগুলোর যন্ত্রপাতি। এছাড়া রাস্তাগুলো দিয়ে রোগী নিয়ে চলাচল করতে জনসাধারণকে পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ। এ সড়কে প্রায় চারশত গজ রাস্তায় বড় বড় গর্তের ফলে অনেক যানবাহন বাইপাস সড়কের বদলে বিশ্বনাথ ডিগ্রি কলেজ রাস্তায় দিয়ে চলাচল করতে দেখা যায়। এতে কলেজ ছুটির সময় শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে।