মধুখালীতে রাজন হত্যার প্রতিবাদে চিনিকল শ্রমিকদের সভা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫৪
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ্ মো. রাজন অপহরণ ও হত্যার প্রতিবাদে মিলগেটস্থ সাবজোন অফিসের সামনে শনিবার শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুন্সি এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিলের সাধারণ শ্রমিক-কর্মচারীসহ মধুখালীর সর্বস্তরের জনগণ উপস্থিত হয়। সভায় বক্তব্য রাখেন নিহত রাজনের মা জোসনা বেগম ও চাচা শাহ্ মো. গোলাম মোস্তফা বাকী, শ্রমিক-কর্মচারীদের পক্ষে সিবিএ সম্পাদক মির্জা আকরামুজ্জামান, সাবেক সভাপতি হামিদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, শাহ্ মো. রাজন ২৭ মার্চ বিকালে দুর্বৃত্তদের দ্বারা অপহরণের শিকার ও খুন হয়। তার লাশ ঘটনার ৬ দিন পর গত বুধবার ধৃত আসামি আরমানের দেয়া তথ্যানুযায়ী পার্শ্ববর্তী নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামের ছিদ্দিক মাস্টারের পুকুর চালা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় পুলিশ রাজনের লাশ উদ্ধার করে।