পহেলা বৈশাখে উত্সবভাতা দেওয়া হোক

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২১:৪৭
পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। এটি হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ও মুসলমানসহ সকল বাঙালির জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মহাউত্সবের দিন। এ দিনটি সরকারি ছুটির দিন। বাংলার প্রতিটি পরিবার এ দিনটিকে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করে থাকে। গ্রাম কিংবা শহর সর্বত্রই করা হয় মেলার আয়োজন। দিনমান চলে নতুন পোশাক পরে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, সুস্বাদু ইলিশ-পান্তা খাওয়া, মাংস-পোলাও, পিঠা, পায়েস, দই, মিষ্টি, চিড়া, মুড়ি খৈ ইত্যাদি দিয়ে অতিথি আপ্যায়ন, ছোটদের নিয়ে মেলায় যাওয়া এবং মেলায় খাওয়াদাওয়াসহ বিভিন্ন শখের জিনিসপত্র ও খেলনা কেনাকাটা। আর এ সবের ব্যবস্থা করতে গিয়ে খরচ করতে হয় যা প্রাত্যহিক হিসাবের অতিরিক্ত। বাঙালি জাতির এ মহোত্সব পালন করার জন্য খরচের এ অতিরিক্ত হিসাব মড়ার ওপর খাঁড়ার ঘা বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে। সরকারি চাকরিজীবীদের নির্ধারিত বেতনের আয় দিয়েই চলতে হয় বলে এ ধরনের উত্সব পালনের জন্য অনির্ধারিত অতিরিক্ত খরচ রীতিমতো তাদের গলার ফাঁস হয়ে দাঁড়ায়। এ অবস্থায়, পহেলা বৈশাখের গুরুত্ব বিবেচনা করে আগামী বাজেট ঘোষণায় বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বাংলা নববর্ষকে মহাউত্সব ঘোষণা এবং সরকারি চাকরিজীবীদের জন্য অর্থ বরাদ্দ দিয়ে নববর্ষ ভাতা চালু করার জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মো. মজনু মৃধা, নারিশা খাল পাড়, দোহার, ঢাকা।