অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন মেলেনি। জামিন চেয়ে তার করা আবেদনটি ফেরত দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
১২ মার্চ গুলশানের বাসা থেকে মোশাররফকে গ্রেফতার করে পুলিশ। পরে নিম্ন আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। এই মামলায় মোশাররফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গতকাল হাইকোর্টে তার জামিন আবেদনটি উত্থাপন করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। তখন আদালত ব্যারিস্টার মওদুদকে বলেন, এই মামলায় ইতিপূর্বে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ। রায়ে কিছু নির্দেশনা রয়েছে। আপনারা রায়টি পড়ুন।
রায়ের নির্দেশনা পড়ার পর হাইকোর্ট বলেন, যেহেতু আপিল বিভাগের নির্দেশনা রয়েছে সেহেতু আমরা জামিন দেব না। আপনারা আবেদনটি অন্য কোর্টে নিয়ে যেতে পারেন। এরপর খন্দকার মোশাররফের আইনজীবীরা আবেদনটি ফেরত নিয়ে আসেন।
এ সময় রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
খুরশীদ আলম খান বলেন, অর্থ পাচার মামলায় খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন ফেরত পাঠিয়েছে আদালত।
