সাভারের চামড়া শিল্পনগরীতে কারখানা স্থানান্তর করতে সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন এ শিল্প সংশ্লিষ্টরা। প্রয়োজনে স্বল্প মেয়াদী ঋণেরও (এসএমই) ব্যবস্থা করার ব্যাপারে মত দিয়েছেন তারা। একই সঙ্গে শিল্পনগরীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) নির্মাণের ক্ষেত্রে তারা আন্তর্জাতিক মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল রবিবার রাজধানীর ডেইলী স্টার সেন্টারে ‘ট্যানারি স্থানান্তর: উন্নতি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ ফিনিশসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএল-এলএফইএ) সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, বুয়েটের অধ্যাপক দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবু ইউসুফ, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমদ, সাবেক চেয়ারম্যান টিপু সুলতান, এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাইয়্যেদ আল মুতিসহ অন্যরা। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. বজলুল হক খন্দকার।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পনগরী সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠক করে দ্রুত সিইটিপি নির্মাণ ও ট্যানারি স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় থেকে নিদের্শনা দেয়া হয়েছে। এরই মধ্যে চামড়া শিল্পনগরীতে বরাদ্দকৃত ১৫৫টি শিল্প ইউনিটের মধ্যে ১২৭টি শিল্প ইউনিট তাদের ইউনিটের লে-আউট প্লান অনুমোদনের জন্য দাখিল করেছে। এর মধ্যে ৬৫টি প্রতিষ্ঠানের লে-আউট প্লান বিসিক অনুমোদন করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্টগুলো অনুমোদন করা সম্ভব হবে।
মন্ত্রী আরো বলেন, চুক্তি অনুযায়ী চামড়া শিল্পনগরীর সিইটিপি ও সংশ্লিষ্ট অন্যান্য অংশের নির্মাণকাল মোট ১৮ মাস। বর্তমানে সিইটিপি নির্মাণের কার্যক্রম দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। সব শেষ করতে আরো ১৫ মাসের মত সময় লাগতে পারে। তিনি বলেন, শিল্পনগরী স্থানান্তর কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে ক্ষতিপূরণ বাবদ সরকারের প্রতিশ্রুত আড়াইশ’ কোটি টাকা ছাড় করা হবে।
শাহীন আহমেদ বলেন, এ শিল্প স্থানান্তরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন; যা উদ্যোক্তাদের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। এজন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করতে মন্ত্রীর কাছে আবেদন করেন তিনি।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের বলেন, শিল্প স্থানান্তরে এখন টাকাই মূল সমস্যা। তা সমাধানে প্রয়োজনে এসএমই ঋণের ব্যবস্থা করা যায় কিনা সেজন্য সরকারের কাছে অনুরোধ করেন তিনি।
প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার বলেন, এ প্রকল্পের কাজ শেষ করতে আরো এক বছর তিন বা চার মাস লাগতে পারে।
ওয়েবসাইট উদ্বোধন: এদিকে বিশ্ববাজারে দেশীয় চামড়া শিল্পের প্রসার ও নেতিবাচক প্রচার দূর করতে এশিয়া ফাউন্ডেশন এবং সানেম-এর কারিগরি সহযোগিতায় www.promotebdleather.net নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে বিএফএলএলএফইএ। অনুষ্ঠান শেষে ওয়েবসাইটের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।
