রুস্তম হত্যার ঘটনায় শিবিরের বিরুদ্ধে মামলা, আটক ২

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:০৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহ্রাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দকে গুলি করে হত্যার প্রতিবাদে ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। ফলে গতকাল রবিবারও ক্যাম্পাসের কোন বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এদিকে এই হত্যার ঘটনায় শনিবার রাতে শিবিরের রাবি শাখার দুই নেতাকে আটক করেছে নগরীর মতিহার থানার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিবিরের ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে ছাত্রলীগ। গত শুক্রবার রুস্তমকে হলের নিজ কক্ষে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ। কর্মসূচিতে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা চলমান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে শনিবার রাত সাড়ে এগারটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আশরাফুল আলম ইমনকে প্রধান আসামি করে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ ৫/৭জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে রুস্তম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের ডাসমারি এলাকা থেকে শনিবার রাত ২টার দিকে দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাবি শাখা শিবিরের অর্থ-সম্পাদক ছানাউল্লাহ জ্যাকি এবং শিবির সমর্থক খুরশেদ আলম খুশি। এই গ্রেফতারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে শিবির। পরীক্ষা বন্ধ করে দিল ছাত্রলীগ: রবিবার পূর্ব ঘোষিত ধর্মঘট চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকটি বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা বন্ধ করে দিয়েছে। সকাল এগারটায় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের, আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের ও বাংলা বিভাগের প্রথম বর্ষের মৌখিক পরীক্ষা চলছিল। অন্যদিকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংশ্লিষ্ট বিভাগে গিয়ে জোর করে পরীক্ষা বন্ধ করে দেয়। এসময় তারা অর্থনীতি বিভাগের টেবিলে থাকা কাগজপত্র মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে বলে বিভাগীয় সূত্রে অভিযোগ করা হয়েছে। রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামী লীগ ও বামপন্থি প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটি শনিবার এক বিবৃতিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোস্তম আলী আকন্দের নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। অন্যদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রবিবার যুক্তবিবৃতি দিয়েছেন রাবি বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দলের ৩০১জন শিক্ষক।