এশিয়ার ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২তম অবস্থানে রয়েছেন। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। ২০১৪ সালে এশিয়ার শীর্ষ প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে এশিয়ান এওয়ার্ডস লিমিটেড। এশিয়ার গুণীদের সম্মানিত করতে ব্যবসায়ী পল সাগু এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তালিকায় চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং তৃতীয়, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী চতুর্থ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পঞ্চম, প্রধানমন্ত্রী মনমোহন সিং ষষ্ঠ, হংকংভিত্তিক ব্যবসায়ী স্যার লি কা শিং সপ্তম, জাতিসংঘের মহাসচিব বান কি মুন অষ্টম, জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবে নবম এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হি দশম। এছাড়া ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম আছে ১১তম, পাকিস্তানের সাবেক সেনা প্রধান আশফাক পারভেজ কিয়ানি ১৮ ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আছেন ১৯তম ও ব্যবসায়ী মুকেশ আম্বানি আছেন ২১তম অবস্থানে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে আছেন ৩৪তম অবস্থানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ৪২তম অবস্থানে।
