গভীর সমুদ্র বন্দর নির্মাণ ও পরিচালনায় নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস। গতকাল রবিবার চট্টগ্রামে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গার্বেন ডি ইয়ং। বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণে তার দেশের রটেরডেম বন্দরকে উত্কৃষ্ট মডেল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে ডাচ কোম্পানি সুনাম অর্জন করেছে। বাংলাদেশে এ ধরনের একটি বন্দর নির্মাণে ডাচদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের অপারেশন’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে বক্তারা উভয় সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশে অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে নদী শাসন ও ড্রেজিং এবং সমুদ্র থেকে ভূমি উদ্ধারে ডাচ কারিগরি সহায়তা কাজে লাগানোর আহবান জানানো হয়।
সভায় গভীর সমুদ্র বন্দরের গুরুত্ব তুলে ধরে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি, ইন্টারনাল কানেক্টিভিটি, অবকাঠামো, বিদ্যুত্ ও জ্বালানি ব্যবস্থা এবং চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে অভিমত তুলে ধরে বক্তব্য রাখেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, রটেরডেম সিনিয়র পোর্ট প্ল্যানার জ্যান ইয়ান উইল্যাম কোম্যান এবং প্রাইভেটাইজেশন এন্ড ফাইন্যান্সিয়াল মডেলিং এক্সপার্ট ফ্র্যাংক ম্যাসন প্রমুখ।
