শ্রমিক নিখোঁজের প্রতিবাদ

বেনাপোলে আজ আমদানি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:০৬
ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশের পর ট্রাকসহ ড্রাইভার ও হেলপার নিখোঁজের প্রতিবাদে ভারতীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন আজ সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচি পালনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে। পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, মার্চের ১১ তারিখে ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পণ্য খালাস করে ট্রাকটি এখনো ভারতে ফেরত আসেনি। বার বার বেনাপোল বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা ট্রাকসহ ড্রাইভার ও হেলপারের কোন সন্ধান দিতে পারেননি। এ ঘটনার প্রতিবাদে পেট্রাপোল ট্রাক শ্রমিক ইউনিয়ন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আজ সোমবার আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে।