জেলার চুনারুঘাটের কেদারাকোট ভারতীয় সীমান্তবর্তী এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আপ্তার হাওড় গ্রামের সিদ্দিক আলী, মানিকবান্দ গ্রামের আনোয়ার মিয়া ও ওসমানপুর গ্রামের ওমর আলী। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে তারা ভারতীয় সীমান্তবর্তী কেদারাকোট এলাকায় কাজ করতে গেলে নিখোঁজ হয়। ভারতের ত্রিপুরা রাজ্যে খোয়াই মহকুমার মজুমদার বাড়ি এলাকায় তাদের পিটিয়ে হত্যা করা হয়। বিজিবি’র শ্রীমঙ্গল এর কোম্পানি কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান জানান, ঐ তিন ব্যক্তিকে গরু চোর সন্দেহে ভারতীয় লোকজন হত্যা করেছে। এ ব্যাপারে রবিবার দুপুরে বাল্লা সীমান্তের কুড়িবাড়ীতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সোমবার বাংলাদেশিদের লাশ হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ভারতীয় দৈনিক আসাম ট্রিবিউনের অনলাইন সংস্করণে ত্রিপুরা পুলিশের উদ্বৃতি দিয়ে বলা হয়, রবিবার খোয়াই মহকুমার গৌরনগর গ্রামে গেলে ওই তিন বাংলাদেশিকে আটক করে স্থানীয় জনতা। গরু পাচারকারী সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের কয়েকটি অংশে কাঁটাতারের বেড়া নেই।
