আইসিসির টুর্নামেন্টের আয়োজক হতে আমরা সবসময়ই প্রস্তুত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যে কোনো টুর্নামেন্টের আয়োজক দেশ হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত রয়েছে। গতকাল রবিবার সকালে আইসিসির সভাপতি অ্যালান আইজাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, তার সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকেই উত্সাহিত করে থাকে। এ প্রসঙ্গে বিশেষ অলিম্পিকে বাংলাদেশে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য সাভারে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। আইসিসির সভাপতি অ্যালান আইজাক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের স্টেডিয়াম ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে। আইসিসির সভাপতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রশংসা করে বলেন, তারা খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছেন। আইসিসির সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন, আইসিসির পরিচালক নেইল স্পাইচ, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের সভাপতি ইমরান খাজা, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ উপস্থিত ছিলেন ।