মাদ্রাসায় বিস্ফোরণ মামলা

চট্টগ্রামে হেফাজতের নেতাদের বিচার শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৬
নগরীর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, তার ছেলে হেফাজতের সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন বিন ইজহারসহ ৯ জনের বিচার শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে গতকাল রবিবার আলোচিত এ মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ গঠনের আগে আসামিরা তাদের আইনজীবীর মাধ্যমে নিজেদের নির্দোষ দাবি করে মামলা খারিজের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে। আদালত আগামী ২৮ এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ শুরুর আদেশ দেয়। অভিযোগ গঠনের সময় মুফতি ইজহার ছাড়া বাকি ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। মুফতি ইজহার পলাতক থাকায় আদালত ইতিপূর্বে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ গতকাল রবিবার ইত্তেফাককে এসব তথ্য জানান। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার এলাকায় মুফতি ইজহার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় নগরীর খুলশী থানায় ৩টি মামলা দায়ের করে।