এনডিএ জোটে ফিরলেন টিডিপি নেতা চন্দ্রবাবু বিজেপিতে খুশির হাওয়া

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৭
লোকসভা ভোটের আগে ফের জোট রাজনীতিতে সাফল্য পেল বিজেপি। এবার দক্ষিণ ভারতে এনডিএ শিবিরে ভিড়লেন তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। এর আগে বিহারে পুরানো শরিক রামবিলাস পাসোয়ানের এলজেপির সঙ্গে জোট করে বিজেপি। এরপর গতকাল বিজেপি টিডিপির সঙ্গে জোট বাঁধল। দু’দলের মধ্যে অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায় আসন সমঝোতাও চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি সীমান্ধ্রে পাঁচটি লোকসভা আসন এবং পনেরোটি বিধানসভা আসনে লড়াই করবে। তেলেঙ্গানায় আটটি লোকসভা আসন এবং সাতচল্লিশটি বিধানসভা আসনে লড়বে। দুই রাজ্যে মোট লোকসভা আসন ৪২। উল্লেখ্য, অটলবিহারী বাজপেয়ীর আমলে এনডিএ মন্ত্রিসভার সদস্য ছিল টিডিপি। পরে এনডিএর সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যায় টিডিপির। লোকসভা ভোটের আগে ফের এনডিএ শিবিরেই ফিরে গেল টিডিপি। তবে বিজেপির সঙ্গে নতুন করে জোট বাঁধার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে টিডিপির একটি অংশ। বিক্ষুব্ধ নেতা ও কর্মীরা চন্দ্রবাবুর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। উল্লেখ্য, অন্ধ্র ও তেলঙ্গানায় আগামী ৩০ এপ্রিল ও ৭ মে দু’দফায় লোকসভা ও বিধানসভা নির্বাচন হবে।