বিএম শাখায় ইংরেজী দ্বিতীয় পত্র

সারাদেশে ক সেটে নির্দেশনা থাকলেও তাড়াশে খ সেটে পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৮
চলমান এইচএসসি পরীক্ষার বিএম শাখায় তাড়াশ উপজেলার ১টি কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা ক সেটের পরিবর্তে খ সেটে গ্রহণ করায় ৩৯৬ জন পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রাপ্ত সূত্রে জানা যায়, সারাদেশে ক সেটে পরীক্ষা গ্রহণে কারিগরি বোর্ডে নির্দেশনা থাকলেও তাড়াশ উপজেলার মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এর ব্যত্যয় ঘটেছে। একেন্দ্রের কর্মকর্তারা থানায় রক্ষিত প্রশ্নপত্রের মধ্যে খ সেট প্রশ্ন নিয়ে এসে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। এব্যাপারে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেন্দ্র সচিব জাফর ইকবালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানান, ঘটনাটি পরীক্ষা শেষে তার দৃষ্টিতে এসেছে। তিনি দ্রুত শিক্ষা বোর্ডকে অবহিত করেছেন। বোর্ড তাকে পরামর্শ দিয়েছে ব্যাপারটি লিখিতভাবে জানাতে।