চবি শিক্ষকদের বাসে সন্ত্রাসী হামলা আহত ৬

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পরিবহন বাসে গতকাল রবিবার একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা বাসে ইট-পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে ৬ শিক্ষক আহত হয়। শিক্ষকরা বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। অজ্ঞাত স্থান থেকে শিক্ষকদের বাসে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের পথে এই ধরনের হামলার ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি হাটহাজারী পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে হাটহাজারী থানার এসআই জানান, কারা শিক্ষকদের বাসে হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।