বৈশাখ উপলক্ষে ‘সাতকাহন রঙিলা মেলা’

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২০:৩৩
ঢাকার ধানমন্ডিতে শুরু হতে যাচ্ছে বৈশাখ উপলক্ষে ৫ দিনব্যাপী অনন্য এক আয়োজন ‘সাতকাহন রঙিলা মেলা’। ৭ ভাগে বিভক্ত এই রঙিলা মেলা শুরু হবে ১০ এপ্রিল, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজনে পারফর্ম করবেন শায়ান, জলের গান, কাঙালিনী সুফিয়া, রব ফকির, সাধনার নৃত্যগোষ্ঠী। এছাড়াও আনুশেহ, পালকি, পান্ডু, নজরুল, শফি মন্ডলের গড়া গানের দল ‘বাহক’ বৈশাখ উপলক্ষে বিশেষ পারফর্মেন্সে অংশ নেবে। এ ধরনের আয়োজন প্রসঙ্গে কাঙালিনী সুফিয়া বলেন, ‘আমরা তো গান গাওয়ার সুযোগ চাই। শহুরে এ ধরনের আয়োজনে সে সুযোগটা তেমন আর কই পাই? সেদিক দিয়ে ‘সাতকাহন রঙিলা মেলা’য় পরাণ ভরে গান করার ইচ্ছে আছে। এইরকম আয়োজন নিয়মিত করাটা খুব জরুরি।’ কাঙালিনী সুফিয়ার মতো সব শিল্পীর মতামতেই এই আয়োজন নিয়ে প্রাণের উচ্ছ্বাস পাওয়া গেছে। ধানমন্ডি ২৭ নং রোডের ৩৯ নাম্বার বাড়ির যাত্রা আউটলেটের এই আয়োজন এ বছর থেকে প্রতিবছর নিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আয়োজকেরা জানান।