রুয়ান্ডার গণহত্যার বিশ বছর পূর্তিতে নিহতদের স্মরণে সপ্তাহব্যাপী শোক শুরু হয়েছে দেশটির রাজধানী কিগালীতে। ১৯৯৪ সালের ৬ এপ্রিল থেকে ১০০ দিন ধরে চলা গণহত্যায় প্রায় আট লাখ মানুষ নিহত হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা করেন হাজারো মানুষ। প্রেসিডেন্ট পল কাগামি রাজধানীর কিগালীতে মশাল স্থাপনের মধ্যদিয়ে সোমবার থেকে শোক সপ্তাহ শুরু হয়। গণহত্যা চলা ১০০ দিনের কথা মাথায় রেখে মশালটি আগামী ১০০ দিন ধরে জ্বালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রুয়ান্ডার ৩০টি জেলা প্রদক্ষিণ করেছে মশালটি। ৬ এপ্রিল বিমান দুর্ঘটনায় তত্কালীন প্রধানমন্ত্রী জুভেনাল হাবিয়ারিমান্দা নিহত হওয়ার পরই শুরু হয় এই গণহত্যা। হুতু মৌলবাদী গোষ্ঠী লোকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুতসিস এবং প্রগতিশীল হুতু সমপ্রদায়ের লোকজনের ওপর নির্মমভাবে গণহত্যা চালায়। ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয় এসব মানুষকে। গণহত্যার অবসান ঘটে জুলাই মাসে।
