রাষ্ট্র প্রতিষ্ঠায় সামনের দিকে অগ্রসর হতে চাপ প্রয়োগ করলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রবিবার ইসরাইলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর তিনি এ কথা বলেন।
১৫টি আন্তর্জাতিক চুক্তি করতে দৃঢ় সংকল্পবদ্ধ ফিলিস্তিনিদের আবেদন প্রসঙ্গে গত রবিবার নেতনিয়াহু বলেন, ‘এগুলো শুধুমাত্র একটি শান্তিচুক্তিকে আরো দূরবর্তী করে তুলবে।’ চলমান সংকট নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্যে তিনি আরো বলেন, ‘তাদের নেয়া কোনো একতরফা পদক্ষেপের জবাব আমাদের পক্ষ থেকেও একতরফা পদক্ষেপে দেয়া হবে।’ নেতানিয়াহু বলেন, ইসরাইল শান্তি আলোচনা চায়, ‘কিন্তু যেকোনো মূল্যে নয়’।
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ইসরাইল চতুর্থ ধাপে বন্দীমুক্তি দিতে অস্বীকার করলে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনাটি বন্ধ হওয়ার দিকে মোড় নেয়। ইসরাইল বলেছে, ফিলিস্তিনিরা নির্ধারিত সময়সীমা ২৯ এপ্রিলের পরেও আলোচনা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা না দিলে তারা বন্দীদের মুক্তি দিবে না।
