যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবাহী আরো দুটি যুদ্ধজাহাজ জাপানে পাঠানোর পরিকল্পনা করেছে। রবিবার টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসম্বলিত নৌবাহিনীর দুটো ডেস্ট্রয়ার ২০১৭ সালের মধ্যে জাপানে পাঠানো হবে। — বিডিনিউজ
উত্তর কোরিয়ার উস্কানিমূলক তত্পরতা এবং ‘নতুন ধরনের’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি মোকাবেলায় এ রণতরী পাঠানো হবে বলে জানান তিনি। সমপ্রতি কয়েক সপ্তাহে উত্তর কোরিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপান উত্কণ্ঠিত। এ উত্কণ্ঠার মুখে পেন্টাগন জাপানে অবস্থান সুসংহত করার পদক্ষেপ নেয়ার পর এবার সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর এ সিদ্ধান্ত হল। পেন্টাগন এর আগে অক্টোবরে জাপানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার স্থাপনের সিদ্ধান্ত নেয়। রাডারটি এবছর থেকেই চালু হওয়ার কথা। এছাড়া ক্ষেপণাস্ত্রবাহী কয়েকটি জাহাজও ইতোপূর্বে জাপানে পাঠায় যুক্তরাষ্ট্র। এবার সেখানে আরো দুটো জাহাজ পাঠানোর মধ্যদিয়ে নিরাপত্তা রক্ষা হবে এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে বলে দাবি করেন চাক হ্যাগেল।
