মাত্র ১৫ বছর বয়সে লেখাপড়ার পাশাপাশি তরমুজ চাষ করে চমক দেখিয়েছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার রিয়াদুল ইসলাম মাসুম।
উপজেলার পহরচাঁন্দা এলাকায় পরিত্যক্ত জমিতে চাষ করা তার তরমুজ ক্ষেতে তরমুজের লতাগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ সবুজের কার্পেট বিছিয়ে দিয়েছে। আর সবুজ লতার ফাঁকে রয়েছে অসংখ্য তরমুজ। মানুষের নজর এড়াতে বড় তরমুজগুলো ঘাষ দিয়ে ঢেকে দেয়া হয়েছে।
কিশোর মাসুম জানান, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে এ বছর পরীক্ষামূলক ২ একর জমিতে তরমুজ চাষ করে। জমি তৈরি থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ পড়েছে ২ লক্ষ টাকা। ইতিমধ্যে ৪ লক্ষ টাকার তরমুজ বিক্রি করা হয়েছে। তার ক্ষেতে আরও ৫-৬ লক্ষ টাকার তরমুজ রয়েছে বলে জানিয়েছেন কিশোর মাসুম। এছাড়াও ক্ষেত থেকে তরমুজ নেয়া শেষ হলে তরমুজের থালিতে (তরমুজ চারার গোড়ায়) আবার পেঁপে চারা লাগানো হবে বলে জানিয়েছেন মাসুম। পেঁপে চারার জন্য অতিরিক্ত কোন সার বা চাষ দিতে হবে না। তরমুজ বাগানোর পাশেই দেখা গেছে কয়েক হাজার উন্নত জাতের পেঁপের চারা। ভাগ্য সহায় হলে তরমুজ ও পেঁপে চাষে তিনি এ বছর ১৫-১৬ লক্ষ টাকা লাভ করতে পারবে।
সে উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকার আব্দুল জব্বারের ছোট সন্তান। এদিকে কিশোর মাসুমের তরমুজ ক্ষেতের সফলতা দেখে এলাকার শত শত কৃষক তরমুজ চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
