মদনে মহিলাদের হামলায় ৫ পুলিশ আহত আসামি ছিনতাই

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:১০
নেত্রকোনা প্রতিনিধি ডাকাতি মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে মহিলাদের হামলায় ৫ পুলিশ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত শনিবার জেলার মদন উপজেলার পাঁচহার গ্রামে। হামলাকারীরা পুলিশের হাতে আটককৃত আসামি উজ্জলকে ছিনিয়ে নেয়। হামলাকারী মহিলাদের মধ্যে উজ্জলের বোন ইয়াসমিনকে গত রবিবার গ্রেফতার করা হয়েছে। জানা যায়, মদন থানা পুলিশ শনিবার পাঁচহার গ্রামের আবুল হোসেন বাড়িতে ঝটিকা অভিযান চালিয়ে তার পুত্র ডাকাতি মামলার আসামি উজ্জল মিয়াকে গ্রেফতার করে। এ সময় বাড়ির ১০/১২ জন মহিলা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ করে এলোপাতাড়ি কামরিয়ে আসামি উজ্জলকে ছিনিয়ে নেয়। মহিলাদের হামলায় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামছুল আলম সিদ্দিকী, এস আই রহমত আলী, এ এস আই মোশাররফ, কনস্টেবল মেহেদী হাসান ও সুভেন দাস আহত হয়। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।