মামলা থেকে খালাস পেলেন হবিগঞ্জ পৌর মেয়র

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:১১
দ্বিতীয়বার অস্ত্র মামলা থেকে খালাস পেলেন হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জি কে গউছ। একই সাথে খালাস পেয়েছেন তার দুই সহোদর ভাই। হবিগঞ্জে বিশেষ ট্রাইব্যুনাল জজ ও যুগ্ম দায়রা জজ নিলুফার শিরিন রবিবার এ রায় দেয়। ২০০২ সালে দেশে অপারেশন ক্লিন হার্ট অভিযান চলাকালে ১৯ ডিসেম্বর ভোর রাতে যৌথ বাহিনীর সদস্যরা জি কে গউছের বাসভবন তল্লাশি করে ৯ এম এম পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানার এ এস আই নূরুল ইসলাম গাজী বাদী হয়ে জি কে গউছ ও তার ছোট ভাই জি কে গাফ্ফার, গোলাম মাওলা, ছোট বোন মাহমুদুন্নেছা মুন্নী, পিতা গোলাম মতুর্জা লাল মিয়া এবং ছোট ভাই গাফ্ফারের স্ত্রী নূরুন্নাহারকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ২০০৬ সালের ১৮ এপ্রিল মামলার আসামিদের খালাস দেয়া হয়।