লোহাগড়ায় রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়ায় রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গত রবিবার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শহীদ সেলিম জাহাঙ্গীর মিলনায়তনে রিজিয়া-ইউসুফ ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী ইবনে হাসানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন ইতনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট আব্দুস ছালাম খান, ফিরোজ হাসান, ওয়ালী হাসান প্রমুখ।
মংলায় নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ
মংলা(বাগেরহাট) সংবাদদাতা \ মংলার চিলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মুহম্মদ শুকুর আলী ৬নং চিলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত শেখ শফিকুল ইসলাম রাসেলকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো: মিজানুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কোহিনুর সরদার, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ফকির আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক লীগের ত্রিবার্ষিক নির্বাচন
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা \ গত রবিবার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ কমিটির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আলহাজ্ব মোহা. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদকে মনোনীত করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি পদে সরকার মুখলেসুর রহমান ও গোলাম মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইলিয়াসউদ্দিন টুনু, সহ-সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান, কোষাধ্যক্ষ পদে আরসাদ আলী ভুটু, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক পদে নুরুল ইসলাম বিহারী, বন্দর সম্পাদক আয়েসউদ্দিন মেম্বার, দপ্তর ও বন্দর সম্পাদক আসাদুজ্জামান মনোনীত হয়। রবিউল আলম, রবিউল ইসলাম, কেরামত আলী ও বাকসান আলীকে সদস্য মনোনীত করা হয়।
কালীগঞ্জে ‘তথ্য আপা’ প্রকল্পের উদ্বোধন
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য, যোগাযোগ, প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে গাজীপুরের কালীগঞ্জে ‘তথ্য আপা’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মহিলা সংস্থার কালীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রকল্পের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, সমন্বয়কারী জেসমিন বেগম, সদস্য জুয়েনা আহমেদ, প্রকল্পের তথ্য সহকারী মেহেরুন্নেছা, জুনিয়র তথ্য সহকারী সালমা খাতুন ও রেহেনা বেগম প্রমুখ।
নওগাঁয় জাল টাকাসহ এক ব্যবসায়ী আটক
নওগাঁ প্রতিনিধি\ নওগাঁর ধামইরহাটে জাল টাকা কেনা-বেচা করার সময় ওমর আলী (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত রবিবার সকাল ১১টার দিকে উপজেলা হরতকীডাঙ্গা বাজার থেকে হাতে-নাতে ৩ লাখ ৮৭ হাজার জাল টাকাসহ আটক করা হয়। ওমর আলী ধামরইহাট উপজেলা চকপ্রসাদ গ্রামের মোঃ আলা বক্সের ছেলে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওমর আলী হরতকীডাঙ্গা বাজারে জাল টাকা কেনা-বেচার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে জাল টাকা একটি দোকানে কেনা-বেচার সময় তাকে হাতে-নাতে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মেলা উদ্বোধন করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বক্তৃতা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমা, অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান।
মুন্সীগঞ্জে ২শ’ কেজি জাটকা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি\ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে পৃথক ২টি লঞ্চে অভিযান চালিয়ে ২শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড ও স্থানীয় মত্স্য বিভাগ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। সদর উপজেলার মত্স কর্মকর্তা মো: রাশেদুজ্জামান জানান, গত রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে কোস্টগার্ড ও স্থানীয় মত্স অধিদপ্তরের যৌথ অভিযানে এমভি জামান-৩ ও এমভি কর্নফুলী-১ লঞ্চ থেকে এ জাটকাগুলো জব্দ করে। দক্ষিণাঞ্চল থেকে বেশ ক’টি ড্রামে জাটকাগুলো মজুদ করে যাত্রীবোঝাই লঞ্চ দুইটি ঢাকার সদরঘাট যাচ্ছিল।
মেহেরপুর পুলিশের বার্ষিক সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল পাঁচটার দিকে পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা বিভাগের ডিআইজি এসএম মনির-উজ-জামান। চৌকস পুলিশ সদস্যরে ক্রীড়া প্যারেড, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন।
রামু বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ঋণ বিতরণ
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ রামু বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আনুষ্ঠানিক ঋণ বিতরণ গত রবিবার নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি প্রতীতি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া রিকু, বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক দর্পণ বড়ুয়া, সহ-সভাপতি সুবারণ বড়ুয়া, সম্পাদক শাপলা বড়ুয়া, ম্যানেজার রিপন বড়ুয়া, জিপসী বড়ুয়া প্রমুখ।
জীবননগরে প্রতিবন্ধিতা সনাক্তকরণ কর্মসূচির উদ্বোধন
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার প্রতিবন্ধীদের ডাটাবেজ তৈরি প্রকল্পের কাজ বাস্তবায়নে ছবি তোলা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত রবিবার এ কর্মসূচি শুরু করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম জানান, ডাটাবেজ তৈরি ও প্রতিবন্ধিতা সনাক্তকরণ কর্মসূচির আওতায় একজন চিকিত্সকের উপস্থিতিতে এ কাজ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার আন্দুলবাড়িয়া, বাঁকা, হাসাদাহ, রায়পুর ও সীমান্ত ইউনিয়নে এবং জীবননগর পৌরসভা এলাকায় এ কাজ সম্পন্ন করা হবে।
কাজীপুরে ইএসডিও’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার ? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?’-এই শ্লোগান নিয়ে ইএসডিও’র কাজীপুর শাখা উদযাপন করলো ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। পরে অফিস চত্বর থেকে প্রজেক্ট কো-অডিনেটর আবু জাফর নুর মোহাম্মেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইএসডিও-সৌহার্দ্য কর্মসূচির টিসিডিআরআর দেলেয়ার হোসেন, টিসি সাইয়্যেদ আহমেদ, মামুনুর রশিদ, নূরুল মোমিন সিদ্দিক, সাংবাদিক টিএম কামাল প্রমুখ।
হোমনা উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা পরিষদের সমন্বয় সভা গত রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আমির হোসেন ভুঁইয়া। বক্তব্য রাখেন ইউএনও এএসএম শাহেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও শেফালী বেগম, ওসি আসলাম সিকদার, জাইকার স্থানীয় জেওসিভি মামি ইয়ামাওকা, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা ও আঃ আজিজ প্রমুখ।
মিঠাপুকুরে গ্রাম বিকাশ কেন্দ্রের অবহিতকরণ সভা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে গ্রাম বিকাশ কেন্দ্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেগম রোকেয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর রশীদ। জিবিকে জাইদারী প্রকল্প বলদীপুকুরের আয়োজনে আদিবাসী নেতা বিপিন কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী লিলি কুজুর, পুষ্প টুলু, আদিবাসী নেতা উত্পল মিনজী।
কালীগঞ্জে স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের কালীগঞ্জে স্বাস্থ্য সেবার উপর উপজেলা ট্রাস্কফোর্স ডেলিগেশন ও স্টকহোল্ডার পার্টিসেপেশনে লোকাল লেভেল প্লানিং বিষয়ক এক কর্মশালা গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের সিভিল সার্জন আফম ডাঃ মোঃ আহসান আলী। এতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুকান্ত সাহা প্রমুখ।
বরিশালে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ
বরিশাল অফিস \ আনসার ও ভিডিপির ইউনিয়ন পর্যায় ভিডিপি প্লাটুন গঠন, পরিচালনা ও নেতৃত্ব প্রদানে যোগ্য করে তোলার লক্ষ্যে প্রথম ধাপে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত রবিবার প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জ পরিচালক মোল্লা আমজাদ হোসেন, উপ-পরিচালক মোঃ শাহ-আলম, মোঃ হুমায়ান কবির ও আবুল কালামসহ অন্য কর্মকর্তারা।
নবীনগরে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ উপজেলার পৌর এলাকায় গত রবিবার আশার উদ্যোগে নবীনগর আশার কার্যালয়ে বিনামূল্যে তিনদিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়। আশার জেলা ম্যানেজার তপন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মো: নুরুল আমিন, আঞ্চলিক ব্যবস্থাপক মো: আলী আশরাফ, ডা: সুমন দেবনাথ, ফিল্ড অফিসার মো: ওমর আলী, স্থানীয় ব্যবসায়ী প্রদীপ বিশ্বাস প্রমুখ।
ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় শিং পোনা অবমুক্ত
ডুমুরিয়া সংবাদদাতা \ নদীনালা খাল-বিল থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের বিলুপ্তি ঘটায় মত্স্য অধিদপ্তরের অর্থায়নে ও ডুমুরিয়া উপজেলা মত্স্য অফিসের আয়োজনে গত রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার ২টি জলাশয়ে দেশীয় জাতের ২২১ কেজি শিং মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সামছু-দৌজ্জার সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ শেষে শরাফপুর বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রমুখ।
মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে ভাংচুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ পানি সংকটের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের শহীদ জিয়াউর রহমান ছাত্রাবাস ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পদার্থ বিজ্ঞান ভবনের জানালার কাঁচ ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা। গত রবিবার দুপুর ২টার দিকে পানি সংকটের প্রতিবাদে হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আশুতোষ হল ও মূল ভবন প্রদক্ষিণ করে জিয়াউর রহমান ছাত্রাবাস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ছাত্রলীগ কর্মীরা এক পর্যায়ে পদার্থ বিজ্ঞান বিভাগে গিয়ে কক্ষের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে। পরে মিছিল ও ভাংচুর শেষে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবিরের সঙ্গে দেখা করে শহীদ জিয়াউর রহমান ছাত্রাবাসের পানি সংকট দ্রুত সমাধানের দাবী করেন।
কিশোরগঞ্জে ২ জুয়ারির জেল
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জুয়া খেলা অবস্থায় ২ জন জুয়ারীকে আটক করে পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক কমল কুমার ঘোষ জানান, গত রবিবার অভিযান চালিয়ে বড়ভিটা টটুয়ার বান্নি থেকে জুয়ার সরঞ্জামসহ ২ জুয়ারীকে আটক করা হয়। এরা হলো জলঢাকা উপজেলার বুলবুল সাপুরিয়া (৩২) ও মিজানুর রহমান (৩২)। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নরসিংদী জেলা জেপির স্বাধীনতা দিবসের কর্মসূচি
নরসিংদী প্রতিনিধি \ নরসিংদী জেলা জাতীয় পার্টি (জেপি) ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে গত বৃহস্পতিবার প্রতিযোগিতায় তিনটি ভাগে বিভক্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর মধ্যে ১০টি পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ লেখায় প্রথম স্থান অর্জন করেন ইয়ারফ আহমেদ ও ইয়াছিন মিয়া। দেশাত্মবোধক সংগীতে প্রথম স্থান অর্জন করেন তাকুয়া ও মেহেরুন। আধুনিক গানে প্রথম স্থান অর্জন করেন মামুন মিয়া। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নরসিংদী জেলা জাতীয় পার্টির (জেপি) আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ছাদেকুর রহমান ছাদেক। এতে বক্তব্য রাখেন রুমাইয়া রহমান, ইয়ারপ আহমেদ, মোঃ শান্ত মিয়া প্রমুখ।
জয়পুরহাট র্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার একজন
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে র্যাবের অভিযানে প্রায় ৪ লাখ টাকার জাল নোটসহ ২ জন গ্রেফতার হয়েছে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, গত রবিবার বেলা ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামুইরহাটের হরতকিদাঙ্গা স্কুলের পাশে থেকে ধামুইরহাট উপজেলার চকপোশা গ্রামের আলাবক্সের পুত্র উমর ্ আলীকে ৩ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে।
কলারোয়ায় কম্পিউটারের ২০৬টি ভারতীয় কার্টিস উদ্ধার
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের কম্পিউটারের প্রিন্টার কালি উদ্ধার করেছে। গত রবিবার চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বিল্লাল হোসেন জানান, তার নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের গোয়ালপাড়া নামক স্থানে এক অভিযান চালায়। এসময় সীমান্ত পার হয়ে আসা দুই চোরাকারবারীকে ধাওয়া করলে তারা প্লাষ্টিকের ৫টি কার্টন ফেলে পালিয়ে যায়।
পাকুন্দিয়ায় কৃষি প্রণোদনা বিতরণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেছে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতর। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা লিয়াকত হোসেন খান, কৃষি সমপ্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার প্রমুখ।
সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ
সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গত রবিবার সরকারি ত্রাণ তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার একটি করে চেক বিতরণ করে। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ভাওয়াল ইউপি আওয়ামী লীগ সভাপতি ওহাব মাতুব্বর, যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
