১৫-১০-২০১১ তারিখে পত্রিকান্তরে প্রকাশিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমান সহকারী পদে আমি আবেদন করি। তার পরিপ্রেক্ষিতে ২৭-৯-২০১৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় আমি পাস করি এবং ৭২ ঘণ্টা অবরোধ চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে চাঁদপুর থেকে ঢাকা এসে ১০-১১-২০১৩ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। গত ১-১-২০১৪ তারিখে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। বিশ্বস্ত সূত্রে জানতে পারি, চাঁদপুরের কোটা না থাকার কারণে আমাকে ঐ পদে নিয়োগ দেওয়া হয় না। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বলা হয় চাঁদপুরের কোটা নেই। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা সম্পর্কে কোনো কিছু উল্লেখ ছিল না। সরকারি চাকরিতে দরখাস্ত করার মতো বয়স এখন আর আমার নেই। গত ৩০-১২-২০১৩ তারিখে ৩০ বছর পূর্ণ হয়ে গেছে। অতএব মানবিক দিক বিবেচনা করে আমাকে ঐ পদে নিয়োগদানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।
মোহাম্মদ জসিম উদ্দিন, ফরিদগঞ্জ, চাঁদপুর
