বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অতি সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা থেকে বিপন্ন ও বিরল প্রজাতির গন্ধগোকুলসহ বেশকিছু পশু-পাখি উদ্ধার করেছে। এরমধ্যে পঞ্চগড় জেলার শহরতলী থেকে অতি মূল্যবান সুগন্ধি উত্পাদনের বিশেষ ক্ষমতাসম্পন্ন একটি গন্ধগোকুল, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে একটি বাজপাখি, বগুড়ার গাবতলী থেকে একটি মেছোপেঁচা, বগুড়ার পৌরবাজার থেকে ২টি টিয়া ও ২টি ঘুঘু উদ্ধার করেছে। অভিযানের সময় টিয়া ও ঘুঘু বিক্রেতা কৌশলে পালিয়ে যায়।
বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, গন্ধগোকুল নিশাচর ও স্তন্যপায়ী প্রজাতির প্রাণী। বাংলাদেশসহ দক্ষিণপূর্ব এশিয়ার প্রায় সকল দেশেই এগুলোর বসবাস। কিন্তু পরিবেশের ভারসাম্যহীনতা ও আবাসস্থল সংকোচনের ফলে এবং ব্যাপকহারে পাচার-নিধনের কারণে প্রাণীটি বর্তমানে বিলুপ্তির পথে। এর পেরিনিয়াল গ্রন্থি থেকে সুগন্ধি সংগ্রহ করা যায় বলে শিকারীদের এর প্রতি বিশেষ লোলুপ দৃষ্টি রয়েছে।
